গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য আসছে নতুন ই-কমার্স মার্কেটপ্লেস
গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য আসছে নতুন ই-কমার্স মার্কেটপ্লেস। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএসটিআই) মধ্যে ই-কমার্স বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‘তথ্য আপা’ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মীনা পারভীন এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পক্ষে ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার বলেন, আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। করোনাকালীন সময়ে ই-কমার্সের যে ব্যাপ্তি, একটা সময় মানুষের জীবন থেমে গিয়েছিল। কিন্তু ই-কমার্সের মাধ্যমে অনেক বড়-বড় সমস্যার সমাধান হয়েছে।
সিনিয়র সচিব বলেন, গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। নারীর ক্ষমতায়নের জন্য একটি অন্যতম শর্ত হলো অর্থনৈতিক মুক্তি। নারীরা যদি এভাবে স্বাবলম্বী হয়, একটা সময় আর সংকট থাকবে না, এ বিষয়ে আমরা আশাবাদী।